আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি বরাদ্দ যথাযথভাবে বণ্টনের নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়েটার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেছারাবাদ ও ভাণ্ডারিয়া উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় নেছারাবাদ উপজেলার ১০২টি এবং ভাণ্ডারিয়া উপজেলার ৫০টি পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় প্রতিনিধিদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও নির্দেশনা দেন, পূজা উপলক্ষে সরকারিভাবে বরাদ্দকৃত সব প্রকার অনুদান ও সহায়তা স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে। সরকারি সহায়তা যেন প্রকৃত প্রাপকদের কাছে যথাযথভাবে পৌঁছায় এবং বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
তিনি নেছারাবাদ ও ভাণ্ডারিয়া উপজেলার সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন।
সময়ের আলো/জোই