ঢাকায় ৫১ ফ্লাইটে ধাক্কা, ভোগান্তিতে হাজারো যাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী বাংলাদেশিরা। দেশটির অন্য বিমানবন্দরেও ফ্লাইট পরিচালনায়

2026-10-13T02:37:33+00:00
2026-10-13T02:37:33+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
রিয়াদে হুতিদের টানা হামলা
ঢাকায় ৫১ ফ্লাইটে ধাক্কা, ভোগান্তিতে হাজারো যাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী বাংলাদেশিরা। দেশটির অন্য বিমানবন্দরেও ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর প্রভাবে শ্রমিক ও ওমরাহযাত্রীসহ বাংলাদেশি যাত্রীদের যাত্রা ব্যাহত হচ্ছে। এদিকে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত শনিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন রুটে ৫১টি ফ্লাইটের কার্যক্রম বিঘ্নিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৫ হাজার ৪১৮ যাত্রী। তবে বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচির হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানো এবং নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী দুটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটি হলো ঢাকা-রিয়াদগামী বিজি-৫৩৯ ও ঢাকা-দাম্মামগামী বিজি-৩৪৯। বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১৩ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বাড়িয়েছে। এ কারণে বিজি-৫৩৯ ফ্লাইটটি স্থগিত করা হয়। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে ১২ অক্টোবর বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়। ফ্লাইট দুটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি ১৩ অক্টোবর দুপুর ১২টার মধ্যে জানানো হবে বলেও জানিয়েছিল বিমান।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। গত শনিবারের হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। রোববার আরেকটি হামলায় একজন নিহত এবং ১০ জনের বেশি আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা থেকে ৫১ ফ্লাইটে বিঘ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এসব ফ্লাইটে ৫ হাজার ৪১৮ যাত্রী সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে ১২টি সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচল করে। বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি রয়েছে। ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট রয়েছে।

রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে : এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, সৌদি আরবে হুথিদের হামলায় এখন পর্যন্ত দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত ২৪ জনের বেশি বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত যুদ্ধ বন্ধ হবে। তার ভাষায়, যুদ্ধের কারণে সাধারণ মানুষ নিহত হচ্ছে, পরিবারগুলো ধ্বংস হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব বাংলাদেশের রেমিট্যান্সে পড়তে পারে। সৌদি আরবে ৩০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত থাকায় সাময়িকভাবে যুদ্ধের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে সরকার নতুন শ্রমবাজার খুঁজছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদের জন্য নতুন কর্মক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন বন্ধ এবং বৈধ অভিবাসন বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী দক্ষ কর্মী হিসেবে বিদেশে যাওয়ার জন্য বাংলাদেশিদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন, যাতে তারা নতুন নতুন শ্রমবাজারে কাজের সুযোগ পান।

মক্কা প্যাক্টে যোগদান এবং সেখানে সৈন্য পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ এখনও মক্কা প্যাক্টে যোগ দেয়নি। তাই এ মুহূর্তে সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন উঠছে না। তিনি বলেন, সৌদি আরবে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি সরকার এবং দেশটির মানুষের প্রতি সংহতি জানিয়েছে। সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে। সৌদি আরবের সরকার ও জনগণের পাশে বাংলাদেশ রয়েছে বলেও জানান তিনি।

সৌদিতে অবস্থানরতদের সতর্ক থাকার পরামর্শ : সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার এবং দেশটির কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন। সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে মিশন জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য তাদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সৌদি আরবের রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত ও ২৪ জনের বেশি আহত হওয়ার পর এ সতর্কতা জারি করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি সম্পর্কিত তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কিত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার,  মোবাইল ফোনে সংরক্ষণ এবং অন্যদের সঙ্গে আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মিশন।

জরুরি প্রয়োজনে শ্রম সংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫, পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ এবং কূটনৈতিক উইং সংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মৃত্যু সংক্রান্ত বিষয়ে যোগাযোগের নম্বর +৯৬৬৫৭০২১২১৮০। নিয়মিত তথ্যের জন্য দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করারও অনুরোধ জানানো হয়েছে।

আহত বাংলাদেশিরা বিভিন্ন হাসপাতালে : রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৪ বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে সাফফাত রহমান নামের এক বাংলাদেশি এখনও অচেতন অবস্থায় রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আহতদের চিকিৎসার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। গত শনিবারের হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় রোববার নিশ্চিত করে মন্ত্রণালয়। তারা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ।

আটকে পড়া যাত্রীদের সহায়তা : রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে যাওয়া এবং রিয়াদ হয়ে সৌদি আরবের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যাওয়া এবং বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা প্রায় ৫০০ যাত্রীকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে রিয়াদের মেরিয়ট ও রেডিসন হোটেল এবং প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে। ওমরাহ পালনের জন্য ৬৭ জনকে বিশেষ বাসে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানো হয়েছে।

এ ছাড়া রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বাতিল হওয়ায় আটকে পড়া ৪০০ বাংলাদেশি যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান : রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে আটকে পড়া যাত্রীদের বিকল্প পথে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে। সোমবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকার টিকেট বিক্রয় কাউন্টারে সরেজমিন দেখা যায়, বিকল্প ফ্লাইটের টিকেট পেতে ভিড় করছেন রিয়াদগামী যাত্রীরা। কেউ টিকেট হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন, আবার কেউ গন্তব্যে যাওয়ার নিশ্চয়তার অপেক্ষায়।

যাত্রীদের মধ্যে ছুটি শেষে কর্মস্থলে ফেরা প্রবাসীদের পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এখন মদিনাগামী ফ্লাইটে যাওয়ার সুযোগ পেয়ে অনেকের সেই দুশ্চিন্তা কিছুটা কমেছে।

যাত্রীরা জানান, সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এতে দেশে থাকা পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক চাপে পড়বেন। তাই বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার সুযোগ তাদের জন্য স্বস্তির। তবে এখনও বিকল্প টিকেট পাননি অনেক যাত্রী। বলাকার সামনে অপেক্ষায় থাকা এসব মানুষের উদ্বেগ— কবে টিকেট পাবেন, কখন সৌদি আরবে পৌঁছাতে পারবেন।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ঢাকা  ফ্লাইট  ধাক্কা  ভোগান্তি  হাজারো যাত্রী  সময়ের আলো  রিয়াদ  হুতি  হামলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: