মেট্রোরেল জয়দেবপুর পর্যন্ত হলে বেশি সুফল মিলত : এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং সেগুলোর সম্ভাব্যতা যথাযথভাবে যাচাইয়ের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও

2026-10-13T19:19:00+00:00
2026-10-13T19:19:00+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
মেট্রোরেল জয়দেবপুর পর্যন্ত হলে বেশি সুফল মিলত : এলজিআরডি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৯ পিএম 
ছবি : সংগৃহীত
জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং সেগুলোর সম্ভাব্যতা যথাযথভাবে যাচাইয়ের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, প্রকল্প পরিকল্পনা এমনভাবে করা প্রয়োজন, যাতে সর্বাধিক মানুষ এর সুফল ভোগ করতে পারেন। মেট্রোরেল টঙ্গী বা জয়দেবপুর পর্যন্ত সম্প্রসারণ করা গেলে আরও বেশি মানুষ এ সেবার সুবিধা পেতেন বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন জাইকার চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। দেশের উন্নয়নে জাপানের ক্রমবর্ধমান সহযোগিতার জন্য তিনি জাইকাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে নতুন প্রকল্প গ্রহণ এবং সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

উন্নয়ন প্রকল্প গ্রহণে সম্ভাব্যতা যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে মেট্রোরেল প্রকল্পের উদাহরণ দেন মন্ত্রী। তিনি বলেন, মেট্রোরেল টঙ্গী বা জয়দেবপুর পর্যন্ত সম্প্রসারণ করা গেলে আরও বেশি মানুষ এ সেবার সুফল ভোগ করতে পারতেন। হাওর অঞ্চলের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রেও আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে জাইকার পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে কমিউনিটি সেবা, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, আঞ্চলিক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং হাওর অঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়ন চলছে। এসব খাতে ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের আশ্বাস দেন জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে বাস্তবায়নাধীন ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি)’ এবং ‘সাউদার্ন চট্টগ্রাম রিজিওনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসসিআরডিপি)’-এর অগ্রগতিও বৈঠকে তুলে ধরা হয়। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেন মন্ত্রী।


এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে দেশের সব উপজেলায় বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বিতীয় পর্যায় (ইউজিডিপি-২)’-এর কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, দেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে জাইকার গৃহীত ও সমাপ্ত বিভিন্ন প্রকল্পের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার এবং উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রক্রিয়া আরও কার্যকর করতে দাতা সংস্থা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী। উন্নয়ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা ও সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে এ কমিটি কাজ করবে।

বৈঠকে জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ মরিকাওয়া ইয়োকো, লোকাল গভর্নেন্স উপদেষ্টা আকিরা মুনাকাতা, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মেট্রোরেল  জয়দেবপুর  এলজিআরডি মন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: