রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রিমান্ড শেষে কারাগারে ২ আসামি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগানোর ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে দুই

2026-10-14T00:54:59+00:00
2026-10-14T00:54:59+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আইন-আদালত
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রিমান্ড শেষে কারাগারে ২ আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগানোর ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন মো. সাকিবুল হাসান (১৯) ও মো. সুজন মিয়া (১৮)।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) এ মামলায় গ্রেফতার চারজনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম। তাদের মধ্যে সাকিবুল হাসান ও আল নূর মোহাম্মদ আয়াসের তিন দিন করে এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. আবদুল গাফফার হিমেল তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আদালতের নথি অনুযায়ী, গত ৯ অক্টোবর শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে আঁকা গ্রাফিতি চুনকাম করে মুছে ফেলার ঘোষণা দেন ‘সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, শিল্পকলা একাডেমির ফটকের বিপরীত পাশের দেয়ালের কাছে চারজন একত্র হন। এ সময় আয়াসসহ অন্যরা বক্তব্য দেন এবং মারজিয়া খন্দকার রিমি রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং লাগান বলে অভিযোগ করা হয়। তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।


রিমান্ড আবেদনে পুলিশ দাবি করে, আয়াস পাকিস্তানে মুহাম্মদ আলী জিন্নাহর কবর ও নামফলক নিয়ে বক্তব্য দেন। অন্যদিকে, রিমি ভারতীয় আগ্রাসন এবং রবীন্দ্রনাথের জমিদারি নিয়ে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গ্রাফিতিতে কালো রং লাগান বলে আবেদনে উল্লেখ করা হয়।

ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত, কথিত উসকানিদাতা ও মদতদাতাদের খুঁজে বের করা, পরিকল্পনাকারীদের পরিচয় এবং অর্থায়নের উৎস জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে জানানো হয়েছিল। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রবীন্দ্রনাথ  গ্রাফিতি  কালি  রিমান্ড  কারাগার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: