ঢাকা-কুমিল্লা দূরত্ব কমবে ৮০ কিমি, বাঁচবে ২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার (কিমি) দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয়

2026-10-14T02:17:52+00:00
2026-10-14T02:17:52+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
৮১ কিমি এলিভেটেড রেলপথ
ঢাকা-কুমিল্লা দূরত্ব কমবে ৮০ কিমি, বাঁচবে ২ ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:১৭ এএম 
ছবি : এআই জেনারেটেড
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার (কিমি) দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে। মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

উপদেষ্টা বলেন, ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এতে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব কমবে ৮০ কিলোমিটার, ফলে ঢাকা থেকে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা হ্রাস পাবে। পুরো রেলপথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রাথমিকভাবে প্রকল্পের খরচ ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা এবং জমি অধিগ্রহণের পর প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে চার বছর। 

এলপিজির দামের ক্ষেত্রে কিছু এলাকায় অস্থিরতা রয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার ও জ্বালানি মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসকদের সঙ্গে জ্বালানি বিভাগের একটি ভার্চুয়াল সভা হয়েছে। সেখানে কয়েকটি পদক্ষেপ নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসককে তার অধিক্ষেত্রে কর্মরত সব এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট অপারেটরের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি ও মাস্টার ডিস্ট্রিবিউটর কত পরিমাণ এলপিজি পেয়েছেন, সেই তথ্য পরিমাণসহ সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্যে সংশ্লিষ্টদের বিস্তারিত পরিচয়ও থাকতে হবে। জেলা প্রশাসকদের অবিলম্বে জেলার বিদ্যমান এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারদের সঙ্গে সভা করে সরবরাহ, বিতরণ ও বাজারজাতকরণের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করতে হবে।

এলপিজি সরবরাহের পুরো চ্যানেল অনুসরণ করে তথ্য সংগ্রহ করতে হবে, যাতে সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের শনাক্ত ও যাচাই করা যায়। কোনো অপারেটর, ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটরের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ের ডিলারের পাওয়া তথ্যের উল্লেখযোগ্য অসামঞ্জস্য দেখা গেলে তা পৃথকভাবে চিহ্নিত করতে হবে। এলপিজি সরবরাহে অস্বাভাবিক ঘাটতি, সরবরাহ চ্যানেলে বিচ্যুতি অথবা অপারেটর থেকে ডিলার পর্যায় পর্যন্ত সরবরাহ করা পরিমাণে উল্লেখযোগ্য অসামঞ্জস্য পাওয়া গেলে জেলা প্রশাসককে বিষয়টি জ্বালানি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। একইসঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হলে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছেন জাহেদ উর রহমান।


খাদ্য মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের খাদ্য সংরক্ষণ বা মজুদের সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এ সক্ষমতা ২৪ লাখ টনের কিছু বেশি। বর্তমান সক্ষমতার মধ্যে প্রায় ৯২ হাজার টন বিভিন্ন কারণে কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এর মধ্যে পুরোনো অবকাঠামো ও নদীভাঙনের মতো বিষয় রয়েছে। তিনি বলেন, বর্তমানে খাদ্য মজুদের সক্ষমতা ২৪ লাখ টনের কিছু বেশি। ২০৩০ সালের মধ্যে তা ৩৪ লাখ টনে উন্নীত করা হবে।

উপদেষ্টা বলেন, ৬০টি ডে কেয়ার সেন্টার স্থাপনের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২১টি ডে কেয়ার সেন্টারের কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। নারীরা এখন ক্রমবর্ধমান হারে কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছেন। কর্মজীবী নারীদের সন্তানদের দেখাশোনা করা একটি বড় সংকট। বেসরকারি পর্যায়ে যেসব ডে কেয়ার সেন্টার রয়েছে, সেগুলোর মধ্যে ভালোমানের প্রতিষ্ঠানগুলো বেশ ব্যয়বহুল। ফলে কম আয়ের অনেক নারী ও মা এসব সেবা নিতে পারেন না।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   ঢাকা  কুমিল্লা  দূরত্ব  এলিভেটেড রেলপথ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: