প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম
সংগৃহীত ছবিচট্টগ্রামের বোয়ালখালীতে আরকান সড়কের পাশ থেকে উদ্ধার করা ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম আব্দুর সবুর (৫৫)। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী রহমান আলীর বাড়ির মৃত সালেহ আহমদের ছেলে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে বোয়ালখালী থানায় মরদেহ দেখে তাঁর পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
নিহতের নাতি মো. সোহেল জানান, তাঁর নানা গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বোয়ালখালীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাঁরা থানায় আসেন। পরে মরদেহ দেখে পরিচয় নিশ্চিত করেন।
সোহেল আরও জানান, তাঁর নানা পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। প্রায় ১০ বছর আগে ব্রেন স্ট্রোক করার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যেতেন। ১০ থেকে ১৫ দিন পর পরিচিত কেউ তাঁকে দেখতে পেলে বাড়িতে পৌঁছে দিতেন। এবারও তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
আব্দুর সবুরের পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বলেন, ময়নাতদন্ত শেষে আব্দুর সবুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, উপজেলার শাকপুরা আরকান সড়কের মিলিটারিপুল এলাকা থেকে উদ্ধার করা ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে মিলিটারিপুল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
সময়ের আলো/এনএন