প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:৫১ এএম আপডেট: ২১.১০.২০২৬ ৮:৫৪ এএম
ফেসবুক। ছবি : সংগৃহীত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে।
ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দিন নির্দিষ্ট সময়ের মধ্যে কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ ব্যবহার করা হতো। তবে, ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে এই মেট্রিক আর পাওয়া যাবে না।
নতুন ব্যবস্থায় ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণে ‘ভিউয়ারস’ মেট্রিককে গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে কনটেন্টের দর্শকসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে বাণিজ্যিক ফেসবুক পেজ পরিচালনা, প্রচারণা পর্যবেক্ষণ এবং বিজ্ঞাপনের কার্যকারিতা মূল্যায়নে। সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদেরও নতুন মেট্রিকের সঙ্গে নিজেদের বিশ্লেষণ পদ্ধতি সমন্বয় করতে হতে পারে।
তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’-এর হিসাব পদ্ধতিতে কী ধরনের পার্থক্য থাকবে, তা স্পষ্ট না হলে পুরোনো পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা কঠিন হতে পারে। এ কারণে পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
৩১ অক্টোবর ‘রিচ’ মেট্রিক বন্ধ হলে ফেসবুকের কনটেন্টের সাফল্য মূল্যায়নে নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে হবে ব্যবহারকারীদের।
সময়ের আলো/মহু