ভুয়া নিয়োগে ১৩ বছর ধরে তুলেছেন বেতন-ভাতা, এমপিও বাতিল

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

মাদরাসা কর্তৃপক্ষ জানেন না, অনুষ্ঠিত হয়নি কোনো নিয়োগ পরীক্ষা, কোনোদিন মাদরাসায় দায়িত্ব পালন করতেও যাননি, চেনেন না অন্যান্য শিক্ষক-কর্মচারী এমনকি

2026-10-21T19:20:57+00:00
2026-10-21T19:20:57+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভুয়া নিয়োগে ১৩ বছর ধরে তুলেছেন বেতন-ভাতা, এমপিও বাতিল
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম 
ছবি : সংগৃহীত
মাদরাসা কর্তৃপক্ষ জানেন না, অনুষ্ঠিত হয়নি কোনো নিয়োগ পরীক্ষা, কোনোদিন মাদরাসায় দায়িত্ব পালন করতেও যাননি, চেনেন না অন্যান্য শিক্ষক-কর্মচারী এমনকি শিক্ষার্থীরাও। তবু তিনি টানা ১৩ বছর সরকারের দেওয়া সুযোগ-সুবিধা পেয়েছেন অফিস সহকারী হিসেবে। নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করেছেন দিব্যি।

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুড়া নেছারিয়া দাখিল মাদরাসায়। আর ওই ভুয়া নিয়োগের পেছনে অভিযুক্ত ব্যক্তিটি হলেন একই মাদরাসায় কর্মরত তৎকালীন সহকারী সুপার ও বর্তমানে কলসপাড় নঈমী দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সামাদ।

মাদরাসা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগ কমিটি বানিয়ে কালাকুড়া নেছারিয়া দাখিল মাদরাসায় অফিস সহকারী পদে মোবারক হোসেনকে নিয়োগ দেন ওই সময় মাদরাসায় সহকারী সুপার পদে কর্মরত মাওলানা আব্দুস সামাদ। বর্তমানে আব্দুস সামাদ একই উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদরাসায় সুপার পদে কর্মরত।

তবে ভুয়া নিয়োগপ্রাপ্ত মোবারক হোসেন কোনদিনও মাদরাসায় না গেলেও সহকারী সুপার নানা কৌশলে মোবারক হোসেনকে এমপিওভুক্তি করান। একই সাথে অফিস সহকারী পদে কর্মরত আবু বক্কর সিদ্দিককে জুনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেখিয়ে এমপিওভুক্ত করানো হয়।

অবশেষে গেল বছর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বিষয়টি তদন্তের নির্দেশ দেন। উপজেলা ভেটেরিনারী সার্জন সাকিব আহমেদ সাগর দীর্ঘ তদন্ত শেষে অসংগতি পাওয়ায় মোবারক হোসেনের নিয়োগটি অবৈধ বলে প্রতিবেদন দাখিল করেন। ভুয়া নিয়োগ কমিটিতে উল্লিখিত কর্মকর্তাগণও তাদের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে মর্মে লিখিত দেন। এরই পরিপ্রেক্ষিতে নানা প্রক্রিয়া শেষে চলতি বছরের গেল আগস্টে ভুয়া অফিস সহকারী মোবারক হোসেনের এমপিও বাতিল করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

মাদরাসার অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক জানান, একই পদে ভুয়া নিয়োগ দেখিয়ে মোবারক হোসেন বেতন-ভাতা উত্তোলন করেছেন। সরকারি কোষাগারের অর্থ তছরুপ করায় মোবারকের বিরুদ্ধে শাস্তির দাবি জানাই।

বর্তমান ভারপ্রাপ্ত সুপার আব্দুর রশিদ জানান, মোবারক হোসেন কোনো সময়ই মাদরাসায় দায়িত্ব পালন করেননি। এমনকি আমার চাকরির প্রায় ত্রিশ বছরে তার নিয়োগের কোনো বৈধতার বিষয়েও জানা নেই। কিন্তু ওই সময় নানা প্রভাবে মোবারক হোসেন ভুয়া নিয়োগে মাদরাসায় না এসেও বেতন-ভাতা উত্তোলন করেছেন।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবারক হোসেন একদিন পর সাক্ষাতে কথা বলবেন বলে জানান। পরবর্তীতে তার ফোনে আবারও পরদিন ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, প্রতিষ্ঠান প্রধান জেনারেল সার্টিফিকেট মামলা করার জন্য রিকুইজিশন দিলে আমরা তার বিরুদ্ধে জেনারেল সার্টিফিকেট মামলা করে সরকারি পাওনা আদায় করে সরকারের কোষাগারে দেবো।

সময়ের আলো/আতা
  বিষয়:   মাদরাসা  কর্তৃপক্ষ  নিয়োগ  পরীক্ষা  মাদরাসা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: