প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম
সংগৃহীত ছবিকুড়িগ্রামের রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে চাচি সোনা বানু (৪৫) নিহত হয়েছেন। এছাড়াও তার হাতে আরও ৩ ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা বানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
মাদকাসক্ত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪০)। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে বেঁধে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে। এসময় আহত হন ছোট বোন মমিনা খাতুন (৩০), ছোট ভাইয়ের স্ত্রী জোসনা খাতুন (২৬) ও চাচা খলিলুর রহমান (৪৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুবাই ফেরত ফারুক হোসেন গত কয়েদদিন ধরে উল্টাপাল্টা আচরণ করছিলেন। কখনও তার মায়ের কাছে মাদক কেনার টাকা চাচ্ছিলেন, আবার কখনও চাচার নিকট জমির দলিল চেয়ে ঝগড়া বাধাচ্ছিলেন। শুক্রবার সকাল থেকেই তার আচরণ ভালো না দেখে বাড়ির সকলে তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেন। এমতাবস্থায় ঘর থেকে শাবল নিয়ে এসে সবাইকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন ফারুক। তার শাবলের আঘাতে মারাত্মক আহত হয়ে চাচি সোনা বানু ঘটনাস্থলেই নিহত হন।
রৌমারী সদরের ইউপি সদস্য ফিরোজ আহমেদ বলেন, মাদকাসক্ত ফারুক তার ছেলে টিটু ও মা জামিরন বেগমকে ঘরে আটকে রাখে। তাদের ছাড়াতে গিয়েই এ খুনোখুনির ঘটনা ঘটে।
রৌমারী থানার ওসি কাওছার আলী জানান, অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর আরও কেউ জড়িত থাকলে মামলায় তার নাম সংযুক্ত করা হবে।
সময়ের আলো/এনএন