প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম
মুন্সীগঞ্জে ৪২ চোরাই বাইসাইকেল উদ্ধার। ছবি : সময়ের আলোমুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরাই বাইসাইকেল কেনাবেচার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ভাড়া নেওয়া একটি গোডাউন থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) ও মো. শামীম শেখ (২৮)। তারা দুজনই টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে এসব তথ্য জানান মুন্সীগঞ্জের সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে কেনাবেচা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখের ভাড়া নেওয়া একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৩৩টি মাঝারি আকারের ও ৯টি ছোট আকারের বাইসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয় বলেও জানা গেছে।
সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, এ চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। চোরাই মালামালের কেনাবেচা প্রতিরোধে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সময়ের আলো/আতা