পঞ্চগড়ে পৃথক দুটি দুর্ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জেলার বোদা উপজেলায় ট্রাকচাপায় নারী এবং সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু হয়।
নিহতরা হলেন—বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুর কুদ্দুসের স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বোয়ালমারি এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম। পথে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালীবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।
এদিকে, একই দিন দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকায় নিজ বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুতপা বনিক জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে জাহাঙ্গীর আলমকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশীষ কুমার শীল জানান, জাহাঙ্গীর আলমের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/এনএন