প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ২:৫৮ পিএম
স্থানীয় জনতা দুজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ছবি : সময়ের আলো কুষ্টিয়া-পাবনা মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। এরপর তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ডাকাতরা হলেন- ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার বাসিন্দা মাহাবুল ও চাঁদগ্রাম লালুর মোড় এলাকার বাসিন্দা সুমন।
সুমনের প্রতিবশীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। এর আগেও তিনি আটক হয়েছেন।
ভেড়ামারা থানা পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্র দেখিয়ে টাকা দাবি করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলেন। পরে দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, এ মহাসড়কে মাঝেমধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। ফলে, সড়কটিতে চলাচলকারী ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সময়ের আলো/মহু