সীতাকুণ্ডে সরকারি জমির টিলা কেটে বনায়ন উজাড়

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলভাটিয়ারিতে রেলওয়ে এবং সরকারি খাসজমির সামাজিক বনায়নের গাছ কেটে উজাড় করার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। তিন সপ্তাহ

2026-10-24T15:45:09+00:00
2026-10-24T15:50:37+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে সরকারি জমির টিলা কেটে বনায়ন উজাড়
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৩:৫০ পিএম
এ পর্যন্ত বনায়নের অন্তত অর্ধেকেরও বেশি ছোট-বড় গাছ কেটে ফেলা হয়েছে, যার সংখ্যা প্রায় শতাধিক। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলভাটিয়ারিতে রেলওয়ে এবং সরকারি খাসজমির সামাজিক বনায়নের গাছ কেটে উজাড় করার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। তিন সপ্তাহ ধরে ফৌজদারহাট জলিল রেলস্টেশনের উত্তর-পূর্ব পাশে ও পোর্ট লিংক-২ কনটেইনার ডিপোর দক্ষিণ পাশে পরিবেশের তোয়াক্কা না করে দিনদুপুরে প্রকাশ্যে গাছ কাটার মহোৎসব চলছে। একই সঙ্গে টিলা কেটে সমতল করার কারণে স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, এ পর্যন্ত বনায়নের অন্তত অর্ধেকেরও বেশি ছোট-বড় গাছ কেটে ফেলা হয়েছে, যার সংখ্যা প্রায় শতাধিক। ইতোমধ্যে কাটা গাছের অন্তত ৭ ট্রাক কাঠ কেটে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু গাছ গুঁড়ি কেটে টুকরো করে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে কেটে ফেলা টিলার মাটি দিয়ে চারপাশের নিচু জমি ভরাট করা হচ্ছে।

ফৌজদারহাট জলিল রেলস্টেশনের সামান্য দূরে অবস্থিত একটি কনটেইনার ডিপোর পাশে ব্রিটিশ আমল থেকেই গড়ে উঠেছিল বিশাল এই বনায়ন। তবে, সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি যোগসাজশ করে এই বনায়নের একটি বড় টিলা কেটে পুরোপুরি সমতল করে ফেলেছে।

স্থানীয়দের অভিযোগ, এই গাছ কাটা ও টিলা ধ্বংসের নেপথ্যে রয়েছে প্রভাবশালী একটি চক্র। টিলা সমতল করে কন্টেইনার ডিপো সম্প্রসারণ কিংবা অবৈধ দখল নিশ্চিত করতেই এই তৎপরতা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয়রা জানান, রেলওয়ে বা সরকারি জমিতে আগেও গাছ কাটার ঘটনা ঘটেছে, তবে এবার যেভাবে প্রকাশ্যে টিলা কেটে সমতল করা হচ্ছে তা নজিরবিহীন।

সরকারি সম্পত্তি ও বনায়ন ধ্বংসের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ড. মো. সাজ্জাত হোসেন বলেন, ‘এগুলো রেলওয়ের জমি কি না, কিংবা গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়েছে কি না বা কোনো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাটা হচ্ছে কি না- সে বিষয়ে আমি নিশ্চিত নই।’

তিনি আরও বলেন,‘কয়েক সপ্তাহ আগে খবর পেয়ে গাছের কাটা অংশ ও স্তূপ দেখতে পাই। তবে, গাছগুলো পরিবহনের খবর পেলে ট্রাকসহ জব্দ করা হতো।’

অন্যদিকে, রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মোর্শেদ আলম চৌধুরী বলেন, ‘গাছ কাটার বিষয়টি আমার জানা নেই।’

তিনি জোর দিয়ে বলেন, ‘রেলওয়ের জায়গায় গাছ কাটতে হলে অবশ্যই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কিন্তু এক্ষেত্রে কোনো টেন্ডার দেওয়া হয়নি।’

কর্তৃপক্ষের এমন দায়সারা বক্তব্য ও দৃশ্যমান পদক্ষেপের অভাবে স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নজরদারির অভাবে সরকারি সম্পত্তি ও প্রকৃতি ধ্বংসের মুখে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।

সময়ের আলো/মহু
  বিষয়:   সীতাকুণ্ড  সরকারি জমি  টিলা  বনায়ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: