পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত

2026-10-24T15:22:25+00:00
2026-10-24T15:24:03+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৪
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:২২ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৩:২৪ পিএম
সাতকানিয়া থানা, চট্টগ্রাম। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার নয়াখালের উত্তর পাশে ডিবিএম ইটভাটা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও মেয়ের মৃত্যুর পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে সাতকানিয়া থানা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সদস্যদেরও বাধা দেওয়া হয়।

এ ঘটনায় সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদ বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং হামলার সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।


সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং ভিডিওচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

পুলিশের ভাষ্য, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার চেষ্টা চালায়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের ভিত্তিতে অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শুক্রবার রাতের ওই দুর্ঘটনায় মো. দেলোয়ার হোসেন (৩০) ঘটনাস্থলে নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার ৪ বছর বয়সী মেয়ে ওয়াসিফের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন পরিবারের আরও ৪ সদস্য। দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   পুলিশের গাড়ি  হামলা  গ্রেফতার  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: