ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

অবৈধ বালু বিক্রির কাজে ব্যবহৃত ভারি ট্রাক চলাচল বন্ধ করতে সড়কে নির্মাণ করা হয়েছে উচ্চতা প্রতিবন্ধক (ব্যারিকেড)। তবে সেই ব্যারিকেডেই

2026-10-24T22:47:27+00:00
2026-10-24T22:47:27+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ পিএম 
অগ্নিনির্বাপণ শেষে ফেরার পথে কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়কের ব্যারিকেডে আটকে যায় গাড়িটি। ছবি : সময়ের আলো
অবৈধ বালু বিক্রির কাজে ব্যবহৃত ভারি ট্রাক চলাচল বন্ধ করতে সড়কে নির্মাণ করা হয়েছে উচ্চতা প্রতিবন্ধক (ব্যারিকেড)। তবে সেই ব্যারিকেডেই আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি। এতে আগুন নেভাতে জরুরি মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব চরন্দ্বীপের ঘাটিয়াল পাড়ায় অগ্নিনির্বাপণ শেষে ফেরার পথে কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়কের ব্যারিকেডে আটকে যায় ফায়ার সার্ভিসের বড়ো গাড়িটি। পরে বিকল্প পথ বৈলতলী এলাকা হয়ে ঘুরে স্টেশনে ফেরেন কর্মীরা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে, অবৈধ ডাম্পিং পয়েন্টে বালু বিক্রির কাজে ব্যবহৃত ভারি ট্রাক চলাচল প্রতিরোধে কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়ক এবং কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সড়কে এসব ব্যারিকেড নির্মাণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ বলেন, বিকেলে অফিস থেকে ফেরার পথে তিনি ফায়ার সার্ভিসের গাড়িটি আটকে থাকতে দেখেন। কধুরখীল ও চরণদ্বীপ এলাকায় বড়ো কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এ ধরনের প্রতিবন্ধকতার কারণে বড়ো ধরনের বিপদ ও ক্ষয়ক্ষতি হতে পারে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, চরণদ্বীপ এলাকা থেকে আগুন নিভিয়ে ফেরার পথে কালুরঘাট এলাকায় ব্যারিকেডে তাদের বড়ো গাড়িটি আটকে যায়। আগুন নেভাতে যাওয়ার সময় এমন পরিস্থিতি হলে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারতেন না। পরে বিকল্প পথে বৈলতলী হয়ে স্টেশনে ফিরেছেন।

তিনি বলেন, যে দুটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে, ঐ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে সমস্যা হবে। ব্যারিকেডের উচ্চতা কমপক্ষে ১১ ফুট হলে কোনোভাবে গাড়ি চলাচল করতে পারবে। কিন্তু বর্তমান ব্যারিকেডের উচ্চতা প্রায় ৮ ফুট বলে মনে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি তাকে এখনো জানাননি। সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আগুনের ঘটনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি বিবেচনা করতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ব্যারিকেড  ফায়ার সার্ভিসের গাড়ি  বোয়ালখালী  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: