যুক্তরাজ্যকে আবার ইইউতে ফেরাতে চান বার্নহাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, তিনি নিজের জীবদ্দশায় যুক্তরাজ্যকে আবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে যেতে দেখতে চান। তবে এ বিষয়ে

2026-10-26T22:58:46+00:00
2026-10-26T22:58:46+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাজ্যকে আবার ইইউতে ফেরাতে চান বার্নহাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ পিএম 
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, তিনি নিজের জীবদ্দশায় যুক্তরাজ্যকে আবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে যেতে দেখতে চান। তবে এ বিষয়ে নিজের মতামত জনগণের ওপর চাপিয়ে দিতে চান না তিনি। সোমবার আইটিভির ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বার্নহাম।

তিনি জানান, ইইউতে ফিরে যাওয়া তার ব্যক্তিগত ইচ্ছা হলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ব্রিটিশ জনগণের। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পক্ষে নন তিনি।

সাক্ষাৎকারে অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড মেডলি জানতে চান, যুক্তরাজ্যকে আবার ইইউতে ফিরিয়ে নেওয়ার জন্যই কি বার্নহামের প্রধানমন্ত্রী হওয়া বলে তিনি মনে করেন? জবাবে বার্নহাম বলেন, তিনি বিষয়টিকে এভাবে দেখেন না। বরং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক আরও কার্যকর করা এবং ব্রিটিশ অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানোর উপায় খুঁজে বের করাই তার কাজ।

পরে আরেক উপস্থাপক সুসানা রিড সরাসরি জানতে চান, তিনি ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যকে আবার ইইউতে ফিরে যেতে দেখতে চান কি না। জবাবে বার্নহাম বলেন, ‘আমি নিজের জীবদ্দশায় এমনটা দেখতে চাই।’

তবে ব্রিটিশ জনগণের সিদ্ধান্ত উপেক্ষা করে এ বিষয়ে এগিয়ে যেতে চান না তিনি। বার্নহাম জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনগণই।


ব্রেক্সিট নিয়ে নতুন করে বিতর্ক শুরুর বিষয়ে বার্নহাম বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বর্তমান সম্পর্ক পুনর্বিবেচনা করা প্রয়োজন। কারণ, ব্রেক্সিটের পর কার্যকর হওয়া সমঝোতা প্রত্যাশা পূরণ করতে পারছে না। এ পরিস্থিতিতে সম্পর্কের নতুন কাঠামো নিয়ে আলোচনা করা জরুরি।

যদিও এ আলোচনা বিভেদ বাড়াবে বলে মনে করেন না বার্নহাম। বরং তার মতে, এর মাধ্যমে ভিন্নমতের মানুষদের আরও কাছাকাছি আনার সুযোগ তৈরি হতে পারে।

এর আগে লেবার পার্টির সম্মেলনে দেওয়া ভাষণেও বার্নহাম বলেছিলেন, ব্রেক্সিট-পরবর্তী সমঝোতা পুনর্বিবেচনার মাধ্যমে শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়াই সেরা বিকল্প হয়ে উঠতে পারে। তবে নির্বাচনের আগে যুক্তরাজ্যকে ইইউতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাজ্য  ইইউ  বার্নহাম 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: