প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:০২ এএম আপডেট: ২৭.১০.২০২৬ ২:০৭ এএম
নিরাপত্তা ত্রুটিতে বন্ধ মাইগভ। ছবি : সংগৃহীত পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি সমাধানে ওয়েবসাইট হালনাগাদের জন্য বন্ধ রাখা হয়েছে সরকারি সেবা দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের (মাইগভ.বিডি) ওয়েবসাইট। রোববার রাত থেকে সাইটটি বন্ধ থাকায় অনলাইনে সরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাইগভের আওতায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৪৪০টি সেবা রয়েছে।
সরকারি ওয়েবসাইট দেখভালের দায়িত্বে থাকা অ্যাসপায়ার টু ইনোভেটর (এটুআই) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পিএইচপির সর্বশেষ নিরাপত্তা ত্রুটি সমাধানে ওয়েবসাইটের সংস্করণ হালনাগাদ করতে হচ্ছে। এ জন্য মাইগভ বন্ধ রাখা হয়েছে। নতুন সংস্করণে যাওয়ার পর সেবাগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে। এ জন্য কয়েকটি ধাপে কাজ চলছে।
ওই কর্মকর্তা বলেন, মাইগভের অধীনে অনেকগুলো ডোমেইন রয়েছে। সেগুলো একসঙ্গে হালনাগাদ করতে হচ্ছে। মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তবে মাইগভের ফেসবুক পেজে দেওয়া এক জরুরি ঘোষণায় বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। সেখানে আজ রাত ১২টায় সাইটটি সচল করার কথা জানানো হয়েছে।
এক প্ল্যাটফর্মে ৪৪০ সরকারি সেবা : মাইগভের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরকারের বিভিন্ন দফতরের নাগরিক সেবার জন্য আবেদন করা যায়। এর মধ্যে রয়েছে বিদেশগামী শিক্ষার্থী ও নাগরিকদের শিক্ষাগত সনদসহ বিভিন্ন সরকারি নথি সত্যায়নের ই-অ্যাপোস্টিল সেবা। এ ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে নথি সত্যায়নের আবেদন করা যায়। ফলে সংশ্লিষ্ট দফতরে সরাসরি গিয়ে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন কমে আসে।
এটুআইয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন পাঁচ থেকে ছয় লাখ মানুষ মাইগভ প্ল্যাটফর্ম থেকে সেবা নেন। ফলে ওয়েবসাইট বন্ধ থাকায় এসব সেবা নিতে আসা মানুষের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি