প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম
রেজা পাহলভি। ছবি : সংগৃহীতইরানের শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের অবসান ঘটানো এবং বর্তমান সরকারের পতন হলে তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত। এ লক্ষ্যে ইরানিদের তার ‘ন্যাশনাল কো-অপারেশন ক্যাম্পেইন টু সেভ ইরান’-এ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাহলভি লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের অবসান ঘটানো এবং এর পতনের পর দেশ পরিচালনার জন্য আমাদের স্পষ্ট পরিকল্পনা রয়েছে।’ তার দাবি, এই পরিকল্পনার মাধ্যমে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, মানুষের মৌলিক স্বাধীনতা সুরক্ষিত করা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।
ইরানের সামরিক বাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও এই প্রচারাভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পাহলভি। জনসাধারণের পক্ষে অবস্থান নেওয়া সদস্যদের ‘নিরাপত্তা ও প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তবে বর্তমান শাসনব্যবস্থার প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং জনগণের বিরুদ্ধে অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন পাহলভি।
সময়ের আলো/জেডি