প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৭ পিএম
ছবি : সংগৃহীতদীর্ঘ বিরতির পর ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। আগামী ৫ নভেম্বর থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে আয়োজকরা। মাঠের অবস্থা, প্রবেশপথের ব্যবস্থাপনা ও নিরাপত্তার পাশাপাশি দর্শকদের জন্য টিকেটের মূল্যও চূড়ান্ত করা হয়েছে। সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা খরচ করে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) যৌথ সমন্বয় সভায় টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। টিকেট বিক্রির দায়িত্বে রয়েছে অনলাইন ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’। নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। দর্শকদের জন্য রাখা হয়েছে পাঁচ ধরনের টিকেট। সাধারণ গ্যালারির টিকেটের দাম এক হাজার টাকা। ক্লাব হাউসের জন্য চার হাজার, ভিআইপি গ্যালারির জন্য সাত হাজার, এসি বক্সের জন্য আট হাজার এবং করপোরেট বক্সের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকায় এক টিকেটেই দিনের দুই ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকেরা। তবে ১৭ নভেম্বরের ফাইনালের টিকেটের মূল্য পুনর্নির্ধারণ করা হতে পারে। টিকেটের দাম নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ থাকলেও আয়োজকদের আশা, মাঠে দর্শকের উপস্থিতি থাকবে উল্লেখযোগ্য। তা ছাড়া সেমিফাইনাল ও ফাইনালে থাকছে ভিএআর।
ছয় দলের এই প্রতিযোগিতায় দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে অংশগ্রহণকারীরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দুই দলের মুখোমুখি হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দলকে নিয়ে ১৪ নভেম্বর হবে সেমিফাইনাল। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর।
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। দুই দশকের বেশি সময় পার হলেও দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বে নাম তোলা হয়নি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি