ছবি : সংগৃহীতওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জের কমতি নেই। তবে সিরিজ শুরুর আগেই প্রতিপক্ষের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজনকে নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমেছে নাজমুল হোসেন শান্তর দলের। শেই হোপ নেই ক্যারিবীয়দের টেস্ট স্কোয়াডে। সাম্প্রতিক তিন সংস্করণেই দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটসম্যানের অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা, তা অকপটেই স্বীকার করেছেন অধিনায়ক রোস্টন চেজ। তবে হোপ না থাকলেও বাকি ক্রিকেটারদের সামর্থ্যরে ওপর আস্থা রাখছেন তিনি।
দীর্ঘদিন ধরেই তিন সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য হোপ। সাম্প্রতিক ব্যাট হাতে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। বলের রং কিংবা সংস্করণ বদলালেও তার ব্যাটে রানের ধারাবাহিকতা কমেনি। সীমিত ওভারের দুই সংস্করণে তিনি দলের অধিনায়ক, একই সঙ্গে অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্টে অধিনায়কত্ব না করলেও দলের ব্যাটিংয়ে তার গুরুত্ব কোনো অংশে কম নয়।
সর্বশেষ সাত টেস্টে তিনটি সেঞ্চুরি করেছেন হোপ। আরেকটি ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৯২ রান। এমন ধারাবাহিক একজন ব্যাটসম্যানকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। টানা ক্রিকেটের মধ্যে থাকায় ৩২ বছর বয়সি এই ব্যাটসম্যানকে এবারের বাংলাদেশ সফর থেকে বিশ্রাম দিয়েছে ক্যারিবীয়রা।
সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে হোপের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক চেজ। তার কথায় স্পষ্ট, দলের জন্য হোপের গুরুত্ব কতটা। তবে এ মুহূর্তে তাকে না পাওয়ার আক্ষেপে আটকে থাকতে চান না ক্যারিবীয় অধিনায়ক। বরং স্কোয়াডে থাকা অন্য ক্রিকেটারদের কাছ থেকেই সেরাটা আদায় করে নিতে চান তিনি।
চেজ বলেন, ‘শেই হোপের না থাকাটা অবশ্যই তার অভাব আমাদের জন্য বড় ব্যাপার হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, সে অনেক ক্রিকেট খেলছে। সাদা বলের উভয় সংস্করণেই অধিনায়ক সে। অবশ্যই সে দুর্দান্ত ফর্মে আছে। তবে এখানে যেহেতু সে নেই, তাই এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি না। আমাদের স্কোয়াডে থাকা ১৫ জনকে নিয়েই আমাদের ভাবতে হবে এবং ব্যাটিং বিভাগে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’
হোপের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পরিকল্পনায় কী পরিবর্তন আসবে, সেটিও গুরুত্বপূর্ণ। তবে কোনো নির্দিষ্ট ঘরানায় নিজেদের আটকে রাখতে চান না চেজ। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করাই হবে তাদের কৌশল। প্রত্যেক ব্যাটারের নিজস্ব শক্তি ও খেলার ধরনকে গুরুত্ব দিয়ে কন্ডিশন, স্কোরবোর্ড এবং ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ক্যারিবীয় অধিনায়কের ভাষায়, ‘আমি বলব না যে আমরা কোনো নির্দিষ্ট স্টাইল অনুসরণ করব। আমি মনে করি, প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব খেলার ধরন, শক্তি এবং দুর্বলতা রয়েছে। আমি মনে করি, আমরা কীভাবে খেলব তা নির্ভর করবে কন্ডিশন, স্কোরবোর্ড এবং খেলার অবস্থার ওপর।’
বাংলাদেশের জন্য হোপের অনুপস্থিতি নিঃসন্দেহে স্বস্তির খবর। সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স বিবেচনায় তাকে সামলানো হতে পারত স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এক ব্যাটসম্যান না থাকলেই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দুর্বল হয়ে পড়বে, তা মনে করছেন না চেজ। বরং দলের বাকি সদস্যদের ওপর আস্থা রেখে সিরিজে ভালো করার প্রত্যাশা তার।
সময়ের আলো/প্রিন্ট/জেডি