প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম
ভোটার উপস্থিতি কম, জাল ভোটের অভিযোগে আটক ৪ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে দানারহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তিনজন রয়েছেন। তারা হলেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল, সিয়াম ও মিনহাজ। এ ছাড়া ২৯ মাইল ধন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আরও একজনকে আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বলেন, এইমাত্র ভোট দিলাম। এখনই পরিবেশ নিয়ে কিছু বলা সমীচীন হবে না। তবে মনে হচ্ছে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।
তিনি আরও বলেন, আবহাওয়া কিছুটা খারাপ হলেও ভোটার উপস্থিতি ভালো হবে বলে তিনি আশা করছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, জনগণের মতামতই চূড়ান্ত। সেই মতামত প্রত্যাখ্যান করার দুঃসাহস তার নেই।
অন্যদিকে আদর্শ স্কুল ভোটকেন্দ্রে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, সবাই যেন ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে ও সাহসের সঙ্গে ভোট দেন। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে আগামী দিনের স্বপ্নের ঠাকুরগাঁও গড়তে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আনসার বাহিনীর এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সময়ের আলো/জোই