মান্দা থানা। ছবি : সময়ের আলোনওগাঁর মান্দায় এক নারীকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করার অভিযোগ তুলে এক যুবককে হাত-পা বেঁধে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও ব্যাংকের চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আদালতেরও দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী শিশ মোহাম্মদ ওরফে আল-মামুন (৩৪)।
নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলাটির নম্বর ৬৮/২০২৬। ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় দায়ের করা মামলায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কার কথা উল্লেখ করে আইনগত প্রতিকার চাওয়া হয়েছে।
গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর আগে মান্দা থানায় দেওয়া লিখিত অভিযোগে একই গ্রামের আব্দুস সালাম (৬০), স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মাল (৪৫), মিলন হোসেন (৩৫), আব্দুল লতিফ (৩২), নূরনবী (৪০), আরাফাত হোসেন (৩৫), মনজুর রহমান (৪০) এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনকে অভিযুক্ত করেন শিশ মোহাম্মদ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সকাল থেকে স্যালো মেশিনের সাহায্যে নিজের জমিতে সেচ দিচ্ছিলেন শিশ মোহাম্মদ। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে প্রতিবেশী আব্দুস সালাম তাকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে আব্দুস সালামের নাতনিকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।
শিশ মোহাম্মদ অভিযোগ অস্বীকার করলে উপস্থিত ব্যক্তিরা উত্তেজিত হয়ে তার কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় বলেও দাবি তার।
ভুক্তভোগীর ভাষ্য, একপর্যায়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ১০০ টাকা মূল্যমানের একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়। একই সঙ্গে তার স্ত্রী শাকিলা আক্তারের মাধ্যমে বাড়ি থেকে জনতা ব্যাংকের সতিহাট শাখার একটি চেকের পাতা আনিয়ে তাতেও স্বাক্ষর নেওয়া হয়। পরে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন শিশ মোহাম্মদ। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
শিশ মোহাম্মদ অভিযোগ করে বলেন, স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মাল তার লোকজন নিয়ে জোরপূর্বক স্ট্যাম্প ও ব্যাংকের চেকে স্বাক্ষর নিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুস সালামের স্ত্রী জাহানারা। তার দাবি, আব্দুস সালামের নাতনিকে জোর করে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করায় শিশ মোহাম্মদকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামবাসী ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মালের সহযোগিতায় মেয়েটির ভবিষ্যতের কথা বিবেচনা করে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানার পরিবর্তে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ঘটনার খবর পেয়ে তিনি সেখানে যান এবং উভয় পক্ষের বক্তব্য শুনে মীমাংসার চেষ্টা করেন। তবে মেয়েপক্ষ আব্দুল মতিন মালকে ছাড়া সালিশে বসতে রাজি হয়নি। পরে আব্দুল মতিন মালের নেতৃত্বে মেয়েটির বিয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে দুই লাখ ১০ হাজার টাকার পরিবর্তে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মাল বলেন, ঘটনার দিন সন্ধ্যার পর খবর পেয়ে তিনি সেখানে যান। তখন ইউপি চেয়ারম্যান, সদস্য, সাংবাদিকসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, অপরাধ স্বীকার করে শিশ মোহাম্মদ ওরফে আল-মামুন নিজেই টাকার পরিবর্তে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছেন।
এ ঘটনায় দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। শিশ মোহাম্মদের দাবি, তাকে জোরপূর্বক স্বাক্ষর দিতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, স্থানীয় সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তিনি স্বেচ্ছায় স্বাক্ষর দিয়েছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
থানায় অভিযোগ দেওয়ার পাশাপাশি আদালতেরও আশ্রয় নিয়েছেন শিশ মোহাম্মদ। আদালতে দায়ের করা মামলায় প্রতিপক্ষের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কার কথা উল্লেখ করে আইনগত প্রতিকার চাওয়া হয়েছে।
সময়ের আলো/জোই