প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম
উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় অভিযান পরিচালিত হয়। ছবি : সংগৃহীতচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে একটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। এছাড়া অপর একটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে বানিয়াখোলা এলাকার মেসার্স খাজা আজমির ব্রিকস ম্যানুফ্যাকচারিং (কেএমআর) নামের ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই এলাকার মেসার্স খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (কেবিএম) নামের অপর ইটভাটাটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-০৭ চট্টগ্রামের সদস্য, চট্টগ্রাম আনসার সদর দফতরের সদস্য ও রাঙ্গুনিয়া থানা-পুলিশ দায়িত্ব পালন করে। এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যরা।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন