প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ পিএম আপডেট: ২৯.১০.২০২৬ ৮:৪৫ পিএম
জানপুর ও দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ছবি : সংগৃহীত সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশে যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের জানপুর ও দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. লিটন শেখ (৪৫), ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮) এবং যুবলীগের কর্মী চান শেখ (৪৫)।
লিটন শেখ সিরাজগঞ্জের জানপুর এলাকার মৃত আব্দুল আজিজ ও অলোকা বেগমের ছেলে। ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ দত্তবাড়ি এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে। চান শেখ সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চক কোবদাসপাড়া এলাকার মৃত শওকত আলী শেখের ছেলে।
এর আগে বুধবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের একটি এলাকায় পুলিশের টহল গাড়ির পাশে বিক্ষোভ মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে ওই মিছিল হয়েছে বলে জানা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সময়ের আলো/এনএন