প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:১১ এএম
যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ছবি : সময়ের আলোমাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ইতোমধ্যে এ কারণে অনেককে কারাগারে যেতে হয়েছে। সব মতের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে গত ১৭ বছরে যারা অপকর্ম করেছে, তাদের কারাগারে থাকতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চরফ্যাশন সদর রোডে উপজেলা ও পৌরসভা যুবদল আয়োজিত ঐতিহাসিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম নয়ন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যুবদলও ওই সময়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে।
চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন এবং নদীভাঙন রোধে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের বিকাশেও উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের সেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করে কাজ করতে হবে। বিএনপির নেতা-কর্মীদের মানুষের সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। সিদ্ধান্ত অমান্য করার কারণে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়লে তা দলের প্রতি আনুগত্যের অভাব হিসেবে বিবেচিত হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।
চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। এতে উপজেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজারো নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।
সময়ের আলো/জোই