প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ এএম
ইজারার নামে টাকা আদায়ের রশিদ। ছবি : সময়ের আলোচট্টগ্রামের হাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসির মাহফিলকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট থেকে ইজারার নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আয়োজকদের পক্ষ থেকে টাকা আদায় না করার অনুরোধ জানানো হলেও প্রায় দুই হাজার দোকান থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দোকানিরা। তবে মাহফিলস্থল এলাকায় কাউকে ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) রাতে টাকা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাটহাজারী পৌর সদরের পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলমান তাফসিরুল কুরআন মাহফিলের আশপাশে বসানো অস্থায়ী দোকানগুলো থেকে কয়েকজন ব্যক্তি আয়তন অনুযায়ী ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করছেন। কয়েকজন দোকানি টাকা দিলেও কেউ কেউ দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে আদায়কারীদের বাগ্বিতণ্ডা হয়।
এ সময় দোকানিরা টাকা আদায়ের বৈধতা জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা হাটহাজারী বাজার ইজারাদার কমিটির পক্ষে রশিদের মাধ্যমে টাকা সংগ্রহ করছেন বলে দাবি করেন। তবে কলেজ গেট এলাকাটি বাজার ইজারার আওতাভুক্ত কি না, সে বিষয়ে জানতে চাইলে তারা স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক কষ্ট করে মাহফিলের আশপাশে অস্থায়ী দোকান বসিয়ে পরিবার-পরিজনের জীবিকার ব্যবস্থা করেছেন তারা। অথচ ইজারার নামে প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কলেজ গেট এলাকায় মাহফিলকে কেন্দ্র করে গড়ে ওঠা দোকানগুলো ইজারার আওতাভুক্ত কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, মাহফিলস্থল অর্থাৎ কলেজ গেট এলাকাটি কাউকে ইজারা দেওয়া হয়নি। সেখানে ইজারা বা অন্য কোনো অজুহাতে টাকা আদায়ের বৈধতা নেই।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ইজারাদারকে টাকা আদায় থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে কেউ টাকা আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই