প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৩০ পিএম
গাইবান্ধায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : সময়ের আলো‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’। এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা এবং সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
সকালে সংগঠনটির জেলা কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য শাহ মশিউর রহমান ও প্রমতোষ সাহা। এ সময় উদীচী জেলা সংসদের শিল্পীরা জাতীয় সংগীত, সংগঠন সংগীত ও গণসংগীত পরিবেশন করেন।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গান ও স্লোগানে মুখর শোভাযাত্রায় সংগঠনের শিল্পী ও কর্মীরা অংশ নেন।
সন্ধ্যার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) ডা. সাখাওয়াত হোসেন খান মুক্তমঞ্চে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুষ্ঠান স্থানান্তর করা হয় গানাসাস মিলনায়তনে। সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক পর্ব।
উদীচী জেলা সংসদের সভাপতি, লেখক ও গবেষক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উদীচীর উপদেষ্টা ওয়াজিউর রহমান র্যাফেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, সিপিবির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম হানিফ বেলাল এবং বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত উদীচী দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক আন্দোলন, গণমানুষের অধিকার এবং প্রগতিশীল সাংস্কৃতিক চর্চায় ভূমিকা রেখে আসছে। ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ঐতিহাসিক আন্দোলন ও প্রগতিশীল চিন্তাধারার চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে উদীচীর শিল্পীরা একক ও সমবেত গান, গণসংগীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন।
সময়ের আলো/জোই