প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ এএম আপডেট: ৩০.১০.২০২৬ ১২:৪৪ পিএম
পটুয়াখালীর বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলীপুরে চলছে ইলিশ বেচাকেনা। ছবি : সময়ের আলো দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না পটুয়াখালীর জেলেরা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ছোট ট্রলার নিয়ে যাওয়া অধিকাংশ জেলে ফিরেছেন অল্পসংখ্যক ইলিশ নিয়ে। এতে হতাশ তারা। তবে নিষেধাজ্ঞার শেষ হওয়ার আগেই গভীর সাগরে যাওয়া কিছু জেলে ফিরেছেন ভালো পরিমাণ ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে।
শুক্রবার সকাল থেকে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে জেলার বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলীপুর। তবে বাজারে ইলিশের দাম এখনো চড়া। নিলামে প্রতি কেজি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকায়। আর জাটকা ইলিশের কেজি ৫০০ থেকে ৭০০ টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গভীর সাগরে মাছ ধরতে যাওয়া সব ট্রলার তীরে ফিরলে বাজারে ইলিশের সরবরাহ বাড়তে পারে। সে ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার।
সময়েরে আলো/জোই