মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন পোপ লিও চতুর্দশ। এর মধ্য দিয়ে মার্কিন নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ

2026-10-31T02:34:19+00:00
2026-10-31T02:34:19+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৩৪ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন পোপ লিও চতুর্দশ। এর মধ্য দিয়ে মার্কিন নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। এমনকি কোনো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়া ইতিহাসের প্রথম পোপও হতে পারেন লিও।

শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়, ইতিহাসের প্রথম মার্কিন পোপ শিকাগোতে তার ডাকযোগের ব্যালট জমা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের অধিকার ও কর্তব্যের প্রতি নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন পোপ।

পোপতন্ত্র নিয়ে বেশ কয়েকটি বইয়ের লেখক ও ব্রিটিশ ইতিহাসবিদ মাইকেল ওয়ালশের মতে, কোনো গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ হতে পারেন লিও চতুর্দশ। সিএনএনকে তিনি বলেন, এর আগে কোনো পোপ গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিয়েছেন বলে তার জানা নেই।

নির্বাচনী নথি অনুযায়ী, পোপ তার বাপ্তিস্মকালীন নাম ‘রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট’ ব্যবহার করে ইলিনয়ের নিউ লেনক্সে ভোটার হিসেবে নিবন্ধিত। সেখানে তার ভাই জন বসবাস করেন। শিকাগোতে জন্ম নেওয়া লিও সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকান ও ডেমোক্রেটিক—উভয় দলের প্রাথমিক নির্বাচনেও ভোট দিয়েছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হওয়ার পর থেকেই নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে আসছেন লিও। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধেও মানুষকে নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। ইরান যুদ্ধ ও অভিবাসন নীতি নিয়ে তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মতবিরোধ তৈরি হয়।

চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প পোপ লিওর বিরুদ্ধে একাধিক কঠোর মন্তব্য করেন। তবে সাম্প্রতিক সময়ে তার সমালোচনার মাত্রা কমেছে। ট্রাম্প প্রায়ই পোপের বড় ভাই লুইয়ের কথা উল্লেখ করেন, যিনি তার সমর্থক।

ধারণা করা হচ্ছে, পোপের ব্যালটে ইলিনয়ের সিনেট ও গভর্নর পদের পাশাপাশি প্রতিনিধি পরিষদ এবং রাজ্য ও কাউন্টি পর্যায়ের নির্বাচনের ভোটও অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৫ সালের নভেম্বরে ভ্যাটিকানে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পোপ। তাদের আলোচনায় অভিবাসন আইন প্রয়োগের বিষয়টি উঠে আসে। পরে প্রিটজকার স্বাক্ষরিত ইলিনয়ের চিকিৎসকের সহায়তায় মৃত্যুর অনুমতি-সংক্রান্ত আইনের বিরোধিতা করেন পোপ।

ইলিনয়ের রাজনীতির সঙ্গে লিওর সম্পৃক্ততা অবশ্য দীর্ঘদিনের। ২০১১ সালে রেভারেন্ড রবার্ট প্রিভোস্ট হিসেবে দায়িত্ব পালনের সময় রাজ্যটিতে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করায় তৎকালীন গভর্নর প্যাট কুইনকে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।

পোপের ব্যালটটি ভ্যাটিকান থেকে ডাকযোগে পাঠানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে তার ভাই জন গত বুধবার নিউ লেনক্সের সেন্ট জুড প্যারিশের একদল তীর্থযাত্রীর সঙ্গে ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের এক কর্মকর্তা শিকাগো সান-টাইমসকে জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনের জন্য ডাকযোগে ব্যালট চাওয়া ব্যক্তিদের তালিকায় রবার্ট ফ্রান্সিস প্রিভোস্টের নাম রয়েছে।

পোপ বর্তমানে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান হলেও তিনি মার্কিন নাগরিকত্ব ধরে রেখেছেন। ফলে আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে তার।

সূত্র : সিএনএন

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মার্কিন মধ্যবর্তী নির্বাচন  ভোট  ইতিহাস গড়লেন  পোপ লিও 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: