প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:১৬ এএম
প্রতীকী ছবিগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, গ্রিল ও ফ্যান চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। সাহেদ তালুকদার ডুমুরিয়া ইউনিয়নের ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে সাহেদ তালুকদারসহ অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দাফতরিক কাজ শেষে দুপুরে বাড়ি চলে যান অধ্যক্ষ হাবিবুর রহমান। পরে বেলা পৌনে তিনটার দিকে এক শিক্ষক ফোন করে তাকে জানান, কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদার ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান খুলে নিয়ে গেছেন। এ সময় কলেজের কর্মচারীরা বাধা দিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।
অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, পরিত্যক্ত ভবনের জানালা, গ্রিল ও ফ্যান চুরির সত্যতা পাওয়ার পর পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছেন। সাহেদ এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পরে তার পরিবারের সদস্যরা কলেজে এসে মুচলেকা দিয়েছিলেন। এ ঘটনার বিচার হওয়া জরুরি বলেও মন্তব্য করেন অধ্যক্ষ।
শুক্রবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ূব আলী বলেন, কলেজের পরিত্যক্ত ভবন থেকে চুরির অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে সাহেদকে আটক করা হয়েছিল। এ ঘটনায় বাদী ও বিবাদী—দুই পক্ষই আপস-মীমাংসায় আগ্রহী বলে পুলিশ জানতে পেরেছে। দুই পক্ষ থানায় আসছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।