প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ এএম
মোহাম্মদ সাইফুদ্দিন সিকদার মহসিন। ছবি : সংগৃহীত সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দেশটির আল খুজামিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মহসিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির মৃত আবদুল মোতালেব সিকদারের ছেলে। তার দুই মেয়ে রয়েছে।
নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, বৃহস্পতিবার দুপুরে পিকআপে করে কর্মস্থলে যাচ্ছিলেন মহসিন। পথে একটি লরি পিকআপটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শারজাহর এমকিউএইচ আল কাসিমি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।
তিনি আরও জানান, বর্তমানে মহসিনের মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।