প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:২৮ এএম আপডেট: ৩১.১০.২০২৬ ৪:২৯ এএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত এতিম ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এতিম ও প্রতিবন্ধী শিশুদের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াচর্চা ও তথ্যপ্রযুক্তিতে যোগ্য করে তুলতে হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ‘দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা আপনারা তথ্য দিয়ে আড়াল করার চেষ্টা করবেন না। বাস্তবতা আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, তারা সুন্দরভাবে তুলে ধরলে যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করে, তারা নিবৃত্ত হবে।’
এর আগে কেন্দ্রে পৌঁছালে উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তারের নেতৃত্বে নিবাসী শিশুরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রের বাগানে একটি পেয়ারা গাছের চারা রোপণ করেন। শিশুদের তৈরি দেয়ালিকা ‘আলোকবর্তিকা’র দ্বাদশ সংখ্যা উন্মোচন করেন এবং তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।