প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:২৬ এএম
নেত্রকোণায় প্রতিপক্ষের টেঁটার আঘাতে যুবক নিহতনেত্রকোণার কলমাকান্দায় পূর্বশত্রুতা এবং চুরি-ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবদুল হাসিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাতে সালেঙ্গা গ্রামে দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে প্রতিপক্ষের হামলায় সাদ্দাম হোসেনের বুকে টেঁটা বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এম এম এস মাটি সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত তিন যুবক হলেন, একই গ্রামের হারিস মিয়ার ছেলে মো. দুরবিন মিয়া (৩৬), শফিকুলের ছেলে মো. আজহার (২২) এবং কাশেমের ছেলে মো. হাদিস (৩০)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রতিপক্ষ এলাকার বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। নিহত সাদ্দাম ও তার পক্ষের লোকজন এসব অপকর্মের তীব্র প্রতিবাদ করেছিলেন। মূলত এই প্রতিবাদের জের ধরেই প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়মনা তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই