প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম
ছবি : সংগৃহীত যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধ আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। শনিবার দেশটির এই সতর্কবার্তা এমন এক সময়ে এল, যখন গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে।
এদিকে নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতাও চলছে। কাতারের মধ্যস্থতাকারীরা বর্তমানে তেহরানে রয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি আবারও আঞ্চলিক দুঃসাহসিকতায় জড়িয়ে পড়েন এবং ইহুদিবাদীদের চাপের মুখে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করেন, তাহলে যুদ্ধের আগুন নিঃসন্দেহে আরও বিস্তৃত ভৌগোলিক এলাকায় ছড়িয়ে পড়বে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও শনিবার সতর্ক করে বলেছেন, ‘যারা আমাদের জনগণের ক্ষতি করার সাহস দেখাবে, তাদের বিরুদ্ধে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ব্যবস্থা নেবে।’
সময়ের আলো/জেডি