প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:০৭ এএম
ছবি : সংগৃহীত যুক্তরাজ্যে (ইউকে) শিক্ষার্থী ভিসার আবেদনে জীবনযাত্রার ব্যয় মেটানোর সক্ষমতা প্রমাণে ব্যাংক হিসাবে আগের চেয়ে বেশি অর্থ দেখাতে হবে। আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনে পড়াশোনা করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসের জীবনযাত্রার ব্যয় হিসেবে ১ হাজার ৫৭০ পাউন্ড দেখাতে হবে। বর্তমানে এ পরিমাণ ১ হাজার ৫২৯ পাউন্ড। অন্যদিকে, লন্ডনের বাইরে পড়াশোনার ক্ষেত্রে মাসে দেখাতে হবে ১ হাজার ২০৩ পাউন্ড। বর্তমানে এ জন্য প্রয়োজন হয় ১ হাজার ১৭১ পাউন্ড।
কোনো কোর্সের মেয়াদ নয় মাস বা তার বেশি হলে সর্বোচ্চ নয় মাসের জীবনযাত্রার ব্যয়ের সমপরিমাণ অর্থ ব্যাংকে দেখাতে হবে। সে হিসাবে লন্ডনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে থাকতে হবে সর্বোচ্চ ১৪ হাজার ১৩০ পাউন্ড। আর লন্ডনের বাইরে পড়াশোনার ক্ষেত্রে দেখাতে হবে ১০ হাজার ৮২৭ পাউন্ড।
ভিসা আবেদনের তারিখের ভিত্তিতে নতুন নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, ৩০ নভেম্বরের আগে আবেদন করলে আগের নিয়ম প্রযোজ্য হবে। ওই দিন বা তার পরে আবেদন করলে মানতে হবে নতুন নিয়ম। এ ক্ষেত্রে কোর্স শুরুর তারিখ বিবেচনায় নেওয়া হবে না।
এ ছাড়া প্রথম শিক্ষাবর্ষের বকেয়া টিউশন ফিও জীবনযাত্রার ব্যয়ের অর্থের বাইরে দেখাতে হবে। তবে বিশ্ববিদ্যালয় বা কলেজের ব্যবস্থাপনায় থাকা আবাসনের জন্য আগাম অর্থ পরিশোধ করা থাকলে সর্বোচ্চ ১ হাজার ৫৭০ পাউন্ড জীবনযাত্রার ব্যয়ের হিসাব থেকে বাদ দেওয়া যাবে।
ব্যাংক হিসাবে অর্থ জমা রাখার সময়সীমায় অবশ্য কোনো পরিবর্তন আনা হয়নি। ভিসা আবেদনের আগে টানা অন্তত ২৮ দিন নির্ধারিত পরিমাণ অর্থ ব্যাংক হিসাবে থাকতে হবে। এ সময়ের শেষ দিনটি আবেদন জমা দেওয়ার ৩১ দিনের মধ্যে হতে হবে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) ৩ সেপ্টেম্বর প্রকাশিত ইমিগ্রেশন রুলস পরিবর্তনসংক্রান্ত নথি এইচসি ৫৮৪-তে এসব তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্থানীয় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রক্ষণাবেক্ষণ ঋণের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয়ের অর্থের পরিমাণ বাড়ানো হচ্ছে।
সময়ের আলো/এসএকে