প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ৮:৪৯ পিএম
সংগৃহীত ছবি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চলতি বছর জামালপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। প্রতিষ্ঠান চারটির পাসের হার শূন্য শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৬ শিক্ষার্থী। তাদের কেউ পাস করতে পারেননি।
মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজ থেকে ৪ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি।
অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। একইভাবে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ৭ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭০ হাজার ৬৭৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। অন্যদিকে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
জামালপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, বিষয়টি আমরা অবগত আছি। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন