প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম
বরিশাল শিক্ষাবোর্ড। ছবি : সংগৃহীতবরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠি জেলায়। এবারের ফলাফলে জেলার শিক্ষার্থীদের এমন হতাশাজনক চিত্রে হতাশা দেখা দিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে। শিক্ষার মানোন্নয়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে জেলাজুড়ে।
সদ্য প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঝালকাঠি জেলা থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশই পাস করতে পারেনি।
ঝালকাঠি জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৮ জন শিক্ষার্থী। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার মধ্যে পাসের হারে সবার নিচে অবস্থান করছে ঝালকাঠি। জেলার শিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে এমন ফলাফল হতাশার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষার মান নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, একটি জেলার শিক্ষার অগ্রগতি নির্ধারণে পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ সূচক। কিন্তু ঝালকাঠিতে এবার বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। শিক্ষার্থীদের পাঠদানে ঘাটতি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, নিয়মিত পাঠদান এবং শিক্ষা প্রশাসনের তদারকিসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা জরুরি।
এদিকে, জেলার শিক্ষার এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা এবং ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি উঠেছে। শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষকদের পাঠদান কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল।
শিক্ষার আলোয় আলোকিত হওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা ঝালকাঠি জেলার জন্য এবারের এইচএসসি ফলাফল নিঃসন্দেহে একটি সতর্কবার্তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন কী কার্যকর উদ্যোগ নেয়, সেটিই দেখার বিষয়।
সময়ের আলো/আতা