চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তিন কলেজে কেউ পাস করেনি

চট্টগ্রাম ব্যুরো

শিক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিন কলেজ থেকে অংশ নেওয়া নয়জন শিক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। অপরদিকে ছয় কলেজে

2026-10-31T20:56:22+00:00
2026-10-31T20:56:22+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা
এইচএসসির ফলাফল
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তিন কলেজে কেউ পাস করেনি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ পিএম 
চট্টগ্রাম শিক্ষাবোর্ড। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিন কলেজ থেকে অংশ নেওয়া নয়জন শিক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। অপরদিকে ছয় কলেজে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

তিন কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন মাত্র ৯ জন। এর মধ্যে দুটি কলেজের দুজন করে এবং অন্য একটি কলেজের পাঁচজন পরীক্ষার্থী ছিলেন। শূন্য পাসের তালিকার কলেজগুলো হচ্ছে চট্টগ্রামের মেরন সান কলেজ, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।

বোর্ডের ফলাফল অনুযায়ী, মেরন সান কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেননি। সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের পাঁচজন পরীক্ষার্থীর কেউই পাস করেনি। অপরদিকে কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া দুজন ফেল করেছে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ সংখ্যা কমেছে ৩ হাজার ১৬৮ জন।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে পাসের হার ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। 

ছয় কলেজে শত ভাগ পাস
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ছয়টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এসব কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৬৭ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।

শতভাগ পাস করা ছয় কলেজের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিলেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে। ১৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৪ জন, কোয়ামটাম কসমো কলেজের ৬০ জন এবং কাফকো স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন।

এছাড়া, রামুর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ছয়জন এবং লিডার্স স্কুল অ্যান্ড কলেজের ছয়জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  শিক্ষাবোর্ড  এইচএসসি  পরীক্ষা  ফলাফল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: