প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৭:১৭ পিএম
বালুখালী মরা গাছতলা এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। ছবি : সংগৃহীত কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পযর্ন্ত পরিচালিত এ অভিযানে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে একটি অবৈধ করাতকল জব্দ করা হয়। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করতে পারেনি।
উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। একই দিন দুপুরে থাইংখালী গজোঘোনা এলাকায় অভিযান চালিয়ে করাতকলটি জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু আব্দুল্লাহ এবং উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে হাইওয়ে পুলিশ ও বন বিভাগের সদস্যরা অংশ নেন।
অভিযানে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের সত্যতা নিশ্চিত করেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু আব্দুল্লাহ বলেন, সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। বাকি স্থাপনাগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন