বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন অদম্য কলির

সাইফুল ইসলাম, রংপুর ব্যুরো

সারাদেশ

ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস আর প্রবল মনোবল থাকলে শারীরিক প্রতিবন্ধকতাও যে সাফল্যের পথে বাধা হতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত রংপুরের কাউনিয়ার

2026-11-01T20:15:34+00:00
2026-11-01T20:15:34+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সাফল্য
বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন অদম্য কলির
সাইফুল ইসলাম, রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৫ পিএম 
স্বাচ্ছন্দ্যের সঙ্গে সব পরীক্ষা সম্পন্ন করে সফলভাবে উত্তীর্ণ হয়েছে কলি। ছবি : সময়ের আলো
ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস আর প্রবল মনোবল থাকলে শারীরিক প্রতিবন্ধকতাও যে সাফল্যের পথে বাধা হতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত রংপুরের কাউনিয়ার কলি রানী। জন্মগতভাবে দুই হাতে আঙুল না থাকলেও দমে যাননি তিনি। দুই হাতের পরিবর্তে পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন করেছেন অদম্য এই শিক্ষার্থী।

কলি রানীর এ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক-সহপাঠী ও এলাকাবাসী। তার অর্জন শুধু একটি পরীক্ষার ফল নয়, বরং প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার এক অনন্য অনুপ্রেরণা।

কলি রানী রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট তিনি। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। এরপর মা রূপালী রানীর স্নেহ, সাহস ও অনুপ্রেরণায় শুরু হয় তার সংগ্রামী পথচলা।

মা রূপালী রানী জানান, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা কখনো মেয়ের স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি। পরিবারের সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা এবং শিক্ষকদের উৎসাহকে পুঁজি করে নিজের অদম্য চেষ্টায় এগিয়ে গেছে কলি। দুই হাতে আঙুল না থাকলেও পা দিয়ে লিখেই একের পর এক শিক্ষাজীবনের সাফল্য অর্জন করেছে সে।

শুধু পড়াশোনাতেই নয়, বহুমুখী প্রতিভার অধিকারী কলি। ডান পা দিয়ে অনায়াসে মোবাইল ফোন ও কম্পিউটার পরিচালনা করতে পারে। পাশাপাশি গানের প্রতিও রয়েছে তার বিশেষ আগ্রহ। বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে অর্জন করেছে একাধিক পুরস্কার ও প্রশংসা।

কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকলেও কলি সবার সঙ্গে বসে পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার ইচ্ছা অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই পরীক্ষা দেয় সে। নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল। অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে সব পরীক্ষা সম্পন্ন করে সফলভাবে উত্তীর্ণ হয়েছে কলি।

গদাই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, কলি শুধু পড়াশোনায় ভালো নয়, তার মধ্যে রয়েছে নানা প্রতিভা। তার এই সাফল্যে আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, পা দিয়ে লিখে কলি রানীর জিপিএ-৩.৫০ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তার এই সাফল্যে আমরা গর্বিত। উচ্চশিক্ষা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে কলি। এবার এইচএসসিতে সাফল্যের পর তার লক্ষ্য আরও বড়। উচ্চশিক্ষা শেষে বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চান তিনি।

কলি রানী বলেন, আমি উচ্চশিক্ষা শেষ করে একজন বিসিএস ক্যাডার হতে চাই। দেশ ও মানুষের সেবা করতে চাই। সবাইকে দেখাতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা কখনো স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না।

তবে স্বপ্নের পথে এগিয়ে যেতে প্রয়োজন উচ্চশিক্ষার সুযোগ ও আর্থিক সহযোগিতা। এ জন্য কলি রানী ও তার পরিবার সমাজের বিত্তবান, শিক্ষানুরাগী ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

দুই হাতে আঙুল না থাকলেও অদম্য ইচ্ছাশক্তিকে হাতিয়ার করে এগিয়ে চলা কলি রানী আজ প্রমাণ করেছেন—সাফল্যের জন্য শারীরিক সক্ষমতার চেয়েও বড় শক্তি হলো মনের সাহস, অধ্যবসায় ও স্বপ্ন পূরণের অদম্য প্রত্যয়।

সময়ের আলো/এনএন

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: