প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম
৭০ জন হাফেজে কোরআনের সেলিব্রেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীতসাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে অনন্য সাফল্য অর্জন করেছে মাদ্রাসা আবু হুরায়রা (রহ.)-এর ৭০ শিক্ষার্থী। প্লে থেকে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এসব শিক্ষার্থীর অর্জন উদ্যাপনে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ডেমরার মধুবাগ, পাড়াডগা এলাকায় মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে ৭০ জন হাফেজে কোরআনের সেলিব্রেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়। সকালে শিক্ষা প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী আয়োজনের মূল পর্বে রাতে ৭০ জন হাফেজকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। প্রধান মেহমান ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ নবী উল্লাহ নবী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। হাফেজদের পাগড়ি পরিয়ে দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহ বাকী আননদভী।
বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের নৈতিকতা, মেধা ও আধুনিক জ্ঞান অর্জনে সহায়ক। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান বলেন, শিক্ষার্থীদের কোরআনের হাফেজ করার পাশাপাশি সাধারণ শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ৭০ শিক্ষার্থীর এই অর্জন সম্মিলিত প্রচেষ্টার ফল।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৭ সালে কওমি শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটির ৪০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। বর্তমানে ১১টি শাখায় প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ইংরেজি বক্তব্য, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ ছিল 'সিরাত মিউজিয়াম', যেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরা হয়।
সময়ের আলো/এমকে