প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম
ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস শিক্ষকের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ছীব : সংগৃহীতনড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে আনুমানিক ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল সাবেক শিক্ষক সমর কুমার বিশ্বাসের বাড়িতে হানা দেয়। ডাকাতদল নিচতলার জানালার রড কেটে প্রথমে দুজন ভেতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে প্রধান গেট খুলে দিলে বাকিরা ঘরের ভেতর প্রবেশ করেন।
এসময় তারা বাড়ির ভেতরে থাকা মোট ৮ জন সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের চাবি ছিনিয়ে নিয়ে তিনতলা বাড়ির বিভিন্ন আলমারি ও লকার ভেঙে অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা এবং একটি দামি ক্যামেরা লুটে নেয়। সবকিছু লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/এনএন