প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম
ডিসেম্বরে শুরু ‘গুলশানের চামেলি’। ছবি : সংগৃহীতপ্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। গত আগস্টে সিনেমাটির মহরতের পর এবার শুরু হতে যাচ্ছে শুটিং। আগামী ১ ডিসেম্বর থেকে সিনেমাটির ক্যামেরা চালুর কথা জানিয়েছেন পরিচালক। সিনেমাটির প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তবে কয়েক দিন ধরে গুঞ্জন, সিনেমাটি থেকে নাকি সরে দাঁড়িয়েছেন মধুমিতা। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই মুখ খুলেছেন মোহাম্মাদ ইকবাল।
তিনি বলেন, ‘এসব কথা কে বলেছে, আমি জানি না। ডিসেম্বর থেকে আমাদের শুটিং শুরু হবে। ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব। নায়িকার সিনেমা ছেড়ে যাওয়ার গুঞ্জন নিয়ে অবশ্য আমি চিন্তিত নই। বরং এমন আলোচনা সিনেমাটির প্রচারে কাজে এসেছে বলেই মনে করি। এই যে কথাগুলো ছড়িয়েছে, এতে আমারই ভালো হয়েছে। পাবলিসিটি পেয়েছে।’
এদিকে অভিনেত্রী মধুমিতা সরকার এক সংবাদ মাধ্যমে এ গুঞ্জন উড়িয়ে নিজের অবস্থানের কথা বলেছেন। তার ধারণা, একটা চক্র পরিকল্পনা করে সিনেমা থেকে তার সরে দাঁড়ানোর কথা ছড়াচ্ছে।
পশ্চিমবঙ্গের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। বাংলাদেশেও অভিনয় করেছেন নাটকে। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে গুলশানের চামেলিতে আরও অভিনয় করার কথা রয়েছে— রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।
সময়ের আলো/প্রিন্ট/জেডআই