প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম
কঠিন সময়েই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী হিনা খান। ছবি : সংগৃহীতক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন সময়েই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী হিনা খান। দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন মাত্র ১৫ মিনিটে। সম্প্রতি এক পডকাস্টে বিয়ের পেছনের অজানা গল্প জানিয়েছেন অভিনেত্রী।
হিনা জানান, বিয়ে নিয়ে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না তাদের। ২০২৪ সালে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন তিনি। একপর্যায়ে রকিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন।
অভিনেত্রীর ভাষায়, তুমি চাইলে জীবনে এগিয়ে যেতে পারো। অন্য কাউকে বিয়ে করতে পারো। অথবা আমাকেই বিয়ে করে নাও। কারণ, কাল কী হবে, তা আমি জানি না।
হিনা জানান, তাদের বিয়ের সিদ্ধান্ত ছিল একেবারেই তাৎক্ষণিক। মাত্র ১৫ মিনিটের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের পরও তাদের সম্পর্কের সমীকরণে বিশেষ কোনো পরিবর্তন আসেনি।
এমনকি প্রথম বিবাহবার্ষিকীর দিনটিও ভুলে গিয়েছিলেন দুজন। পরিবারের সদস্য ও পরিচিতদের শুভেচ্ছা পাওয়ার পর তাদের মনে পড়ে দিনটির কথা। পরে একে অপরকে শুভেচ্ছা জানান তারা।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন হিনা ও রকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ক্যানসারের চিকিৎসার কঠিন সময়ে রকির অবিচল সমর্থনের কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন অভিনেত্রী।
সময়ের আলো/এমকে