প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ এএম
গ্রেফতার শফিকুল ইসলাম ইমরান। ছবি : সময়ের আলোপটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন বিএনপি নেতাকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় কলেজ ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। ইমরান মামলার ২ নম্বর আসামি এবং সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের মো. জলিল হাওলাদারের ছেলে।
দুমকি থানা সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জমাদ্দার (৫৬) বাদী হয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ইমরানকে ২ নম্বর আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে খলিল জমাদ্দার উল্লেখ করেন, শুক্রবার তালতলী বাজারে গেলে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে মারধর করে পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগও সামনে এসেছে। ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও রাকিব পৃথকভাবে নিজেদের ফেসবুক লাইভে এসে দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনা করতে গেলে বিএনপি নেতা খলিল জমাদ্দার তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
সময়ের আলো/জোই