‘তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি’— ফোনের ওপারে অপহরণকারীদের হুমকি!

বাঁশখালী (চট্টগ্রাম) চট্টগ্রাম

সারাদেশ

অপহরণের পরে ফোন আসে— ‘সকাল ১০টার মধ্যে টাকা না পাঠালে তোর ছেলেকে মেরে ফেলব।’ সন্তানের প্রাণ বাঁচাতে অসহায় পিতার আকুতি—

2026-11-02T22:10:51+00:00
2026-11-02T22:10:51+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি’— ফোনের ওপারে অপহরণকারীদের হুমকি!
বাঁশখালী (চট্টগ্রাম) চট্টগ্রাম
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:১০ পিএম 
মোহাম্মদ আবু রায়হান (বামে), মোহাম্মদ আনিসুর রহমান (ডানে)। ছবি : সংগৃহীত
অপহরণের পরে ফোন আসে— ‘সকাল ১০টার মধ্যে টাকা না পাঠালে তোর ছেলেকে মেরে ফেলব।’ সন্তানের প্রাণ বাঁচাতে অসহায় পিতার আকুতি— ‘আমরা গরিব মানুষ, এত টাকা জোগাড় করতে একটু সময় দিন।’ কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পর ফোনের ওপার থেকে ভেসে আসে আরও কঠিন বার্তা— ‘সঠিক সময়ে টাকা দিস নাই, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি।’

এমন ভয়ংকর হুমকি আর আতঙ্কের মধ্যে দিন কাটছে বাঁশখালীর দুই স্কুলছাত্রের পরিবারের। চারদিন ধরে নিখোঁজ রয়েছে মো. আনিসুর রহমান (১৩) ও মোহাম্মদ আবু রায়হান (১৩)। তারা দুজনই পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, চাকরির প্রলোভনে বাড়ি থেকে বের হওয়ার পর তারা একটি দালালচক্রের খপ্পরে পড়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোতকখালী এলাকার আবদুর রহিমের ছেলে আনিসুর রহমান এবং আবদুর রশিদের ছেলে আবু রায়হান গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল থেকে নিখোঁজ রয়েছে। একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিয়াদের সাথে তারা বাড়ি থেকে বের হয়েছিল।

নিখোঁজের স্বজনদের দাবি, আত্মীয়-স্বজনরা জানিয়েছে, শুক্রবার ও শনিবার তাদেরকে পুকুরিয়া এলাকার চাঁদপুর বাজারে ঘুরাফেরা করতে দেখেছে। পরে রোববার সেখান থেকে চলে যায় তারা। সঙ্গে যাওয়া রিয়াদের কাছে জানতে চাইলে সে জানায়, দুই বন্ধু কোথায় গেছে, তা তার জানা নেই।

অনুসন্ধানে জানা গেছে, চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রিয়াদ তাদের বাড়ি থেকে নিয়ে যায়। পরে শুক্রবার পুকুরিয়ার চন্দ্রপুর গ্রামে অবস্থিত ঝিনুক পোলট্রি ফার্মে কর্মচারী হিসেবে তারা কাজে যোগ দেয়। সেখান থেকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কোনো একটি চক্র তাদের নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ বলেন, আমার ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে দুটি নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকাল ১০টার মধ্যে টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।

তিনি আরও বলেন, আমি তাদের বলেছি, আমরা গরিব মানুষ। এত টাকা জোগাড় করতে একটু সময় লাগবে। কিন্তু নির্ধারিত সময়ের পর ফোন করলে তারা বলে, সঠিক সময়ে টাকা দিস নাই, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি। তারা নিজেদের কক্সবাজার থেকে ফোন করছে বলেও জানিয়েছে।

ঝিনুক পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন বলেন, আমার ফার্মে আরও অনেক কর্মচারী আছে। তাদের কাছ থেকে খোঁজ নিন। ফার্মের ম্যানেজার এ বিষয়ে ভালো জানবে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ছনুয়া থেকে তাদের অপহরণ করা হয়নি। তারা পুকুরিয়ার চেয়ারম্যানের ফার্মে কাজ করতে গিয়েছিল এবং সেখানে দুইদিন কাজও করেছে। পরে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর আর ফিরে আসেনি। তাদের উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবির বিষয়ে ওসি বলেন, ফেসবুকে নিখোঁজের সংবাদ দেখে একটি প্রতারকচক্র ফোন করে টাকা দাবি করছে। নম্বরগুলো যাচাই-বাছাই করে দেখা গেছে, সেগুলো রংপুর ও ময়মনসিংহের ব্যক্তিদের। তারা মূলত প্রতারকচক্রের সদস্য।

এদিকে, আনিসুর ও রায়হানের পরিবারের সদস্যরা রিয়াদকে সঙ্গে নিয়ে বাঁশখালী থানায় গেলে পুলিশ তাকে দুই শিক্ষার্থীর সন্ধান ও উদ্ধারে সহযোগিতা করার নির্দেশনা দেয়। সোমবার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের সদস্যরা রিয়াদকে সঙ্গে নিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   শুক্রবার  শনিবার  পুকুরিয়া  চাঁদপুর  রোববার  নিখোঁজ  অপহরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: