প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ১০:৫৫ পিএম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি : সময়ের আলো মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সমাজসেবক জাহিদ রব্বানি, জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, হাতে খড়ির পরিচালক মাগফিরুল ইসলাম বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড-এর সদস্য সাব্বির আহমেদসহ অন্যরা।
এসময় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে জাতীয় পতাকা অর্জন করেছি, তাদের লাঞ্ছিত ও অবজ্ঞা করা হয়েছে। যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই জাতির সূর্য সন্তান আজ অবহেলিত।
মুক্তিযোদ্ধারা আজ রাস্তায় নেমেছে। ৫ আগস্টের পর ৭১ এর বাংলাদেশ কারা যেন ছিনতাই করেছে। মুক্তিযোদ্ধারা গলায় জুতার মালা পরানো, চড়-থাপ্পড় দেওয়া অপমান ও লাঞ্ছিত হয়েছে। দাফনে বাধা দেওয়া হয়েছে। তাদের মর্যাদাহানি হোক আমরা চাই না। যার এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
সময়ের আলো/এনএন