প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:১৩ পিএম
গ্রেফতার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া। ছবি : সংগৃহীতদিনাজপুরে জমি কেনা-বেচা ও ৬০ লাখ টাকার লেনদেনকে কেন্দ্র করে চাঁদাবাজি ও প্রতারণার মামলায় যুবদল নেতা উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার ওসমানপুর ছয়ঘট্টি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
উজ্জ্বল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার ইউনুস আলীর ছেলে।
মামলার বাদী রিফাত উপজেলার ৩ নম্বর ইউনিয়নের কাশিয়াতলা শীতল গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাটের সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি কেনার জন্য উজ্জ্বল মিয়া ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্য নির্ধারণ করেন। এর মধ্যে ১০ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করে বাকি ১২ লাখ টাকা বকেয়া রাখেন।
পরবর্তী সময়ে বিভিন্ন দফায় ব্যাংকের মাধ্যমে আরও ৪৮ লাখ টাকা লেনদেন হয়। সব মিলিয়ে ৬০ লাখ টাকা পাওনার বিষয়টি স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্বীকার করেন উজ্জ্বল মিয়া। এ সময় সাত লাখ টাকা পরিশোধ করে বাকি ৫৩ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেন তিনি। এ বিষয়ে ১০০ টাকা মূল্যমানের নয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামাও সম্পাদন করা হয়।
বাদীর অভিযোগ, পরবর্তী সময়ে উজ্জ্বল মিয়া তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দিয়ে একপর্যায়ে পাঁচ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া বাদীর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন তিনি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতার আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন