মিডটার্মে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে যাবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের আনা সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,

2026-11-03T23:34:36+00:00
2026-11-03T23:34:36+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিডটার্মে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে যাবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের আনা সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন। তাদের আনা প্রতিটি আইনি প্রস্তাব আটকে দেবেন।

স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ভালো করব। কিন্তু যদি জিততে না পারি, তাহলে সবকিছুতেই ভেটো দেব। একের পর এক ভেটো দিতে থাকব।’ তবে পরে তিনি জানান, একটা পর্যায়ে গিয়ে হয়তো সমঝোতায় পৌঁছাবেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প। যদিও জনমত জরিপগুলোতে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এসব জরিপকে ‘কারসাজিপূর্ণ’ বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, জরিপ পরিচালনাকারীরা প্রকৃত ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন না।

নিজের নির্বাচনি সমাবেশে মানুষের উপস্থিতিকে জনসমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। তার আশঙ্কা, ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। ট্রাম্পের ভাষায়, তখন দেশ ‘শেষ হয়ে যাবে’।

সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের সম্ভাব্য কয়েকটি পরিকল্পনা নিয়েও অভিযোগ করেন ট্রাম্প। তাঁর দাবি, ডেমোক্র্যাটরা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে ২৩ করতে চান। পাশাপাশি সিনেটে বিল পাসের ক্ষেত্রে ফিলিবাস্টার প্রথা বাতিল এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে সুরক্ষিত অধিকার সীমিত করার পরিকল্পনাও রয়েছে তাদের। তবে এসব অভিযোগের বিষয়ে ডেমোক্র্যাটদের কোনো বক্তব্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

নিজের পরিবারের সদস্য, হোয়াইট হাউসের কর্মকর্তা কিংবা ধনকুবের ইলন মাস্ক কংগ্রেসের তদন্ত বা সমনের মুখে পড়লে তাদের সুরক্ষা দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে তাদের ক্ষমা করতেও দ্বিধা করবেন না।

এ প্রসঙ্গে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমা করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওই ঘটনায় জড়িত প্রায় ১ হাজার ৫০০ জনকে ক্ষমা করেন ট্রাম্প। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মিডটার্ম  মিস্টার ভেটো  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: