সিলেটে প্রথম দিনেই ছন্নছাড়া বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ। হঠাৎ জ্বরের কারণে দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ত্যাগনারাইন

2026-11-05T23:34:41+00:00
2026-11-05T23:35:08+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
খেলা
সিলেটে প্রথম দিনেই ছন্নছাড়া বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম  আপডেট: ০৫.১১.২০২৬ ১১:৩৫ পিএম
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিলেট টেস্ট । ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ। হঠাৎ জ্বরের কারণে দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ত্যাগনারাইন চন্দরপলকে হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। এরপর প্রথম ঘণ্টাতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে আমির জাঙ্গুর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত কেভিন উইকহ্যামের সঙ্গে শতরানের জুটি গড়ার পর জাস্টিন গ্রিভসকে নিয়ে দিন শেষ করেন তিনি। আলোকস্বল্পতায় খেলা থামার সময় সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ২৩৫ রান। দুই পেসার উইকেট পেলেও স্পিনাররা ছিলেন নির্বিষ। উইকেট নেওয়ার মতো কোনো অবস্থানও তৈরি করতে পারেননি অভিজ্ঞ তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাইম হাসান।

সিলেটে বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষ হয় স্থানীয় সময় বিকাল ৪টা ৮ মিনিটে। এর আগে দুই দফা আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ রাখতে হয়। তবে দিনের সবচেয়ে বড় প্রাপ্তি জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরি। ১৭১ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১১ রান করে অপরাজিত আছেন তিনি। নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করতে তার লেগেছে ১০ ইনিংস। তৃতীয় সেশনে তাইজুল ইসলামকে উড়িয়ে মেরে ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান এই ব্যাটার।

ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশ থেকে ছিটকে যান দুই ওপেনার ক্যাম্পবেল ও চন্দরপল। তাদের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে ইনিংস উদ্বোধন করতে নামেন উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডা সিলভা। তবে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। পঞ্চম ওভারে ব্র্যান্ডন কিংয়ের মিডল ও লেগ স্টাম্প উড়িয়ে দেন তাসকিন আহমেদ। পরের ওভারেই কেভাম হজকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। লেন্থ বুঝে বল ছেড়ে দিলেও সেটি অফ স্টাম্পের বেল ছুঁয়ে যায়। এরপর সিলভাকে ১২ রানে এলবিডব্লিউ করে নিজের দ্বিতীয় উইকেট নেন তাসকিন। ইন-ডাকারে ব্যাট চালাতে ব্যর্থ হন এই উইকেটকিপার।

৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে সামাল দেন জাঙ্গু। শুরু থেকেই দারুণ টাইমিংয়ে ড্রাইভ ও পুল খেলেছেন তিনি। অন্য প্রান্তে অভিষিক্ত উইকহ্যামও ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন। বিশেষ করে মধ্যাহ্ন বিরতির পর তাসকিনকে আক্রমণ করে খেলেন তিনি। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ১৩১ রান। ১৪৫ বলে ৬১ রান করে উইকহ্যাম থামেন হাসান মাহমুদের বলে। শর্ট বলের পর শর্ট বল করে দুই ব্যাটারকে চাপে ফেলার চেষ্টা করেন হাসান। একবার জাঙ্গুর ব্যাট থেকে উঠে আসা ক্যাচও ধরতে পারেননি তিনি। তবে পরে ফুল লেন্থের বল ভেতরে ঢুকিয়ে উইকহ্যামকে বোল্ড করেন এই পেসার।


এরপর ক্রিজে এসে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন জাস্টিন গ্রিভস। ৪৫ বল পর হাসান মাহমুদের বলে সোজা ব্যাটে ড্রাইভ করে প্রথম বাউন্ডারি পান তিনি। অন্যদিকে চা-বিরতির পরও নিজের আক্রমণাত্মক ব্যাটিং ধরে রাখেন জাঙ্গু। তাইজুল ইসলাম, তাসকিন ও মেহেদী হাসান মিরাজের বলে একের পর এক বাউন্ডারি আদায় করেন তিনি। সেঞ্চুরির পথে জাঙ্গুর ব্যাটিংয়ে ছিল সাবলীলতা ও আক্রমণের মিশেল। তাইজুলকে ওয়াইড লং অফ দিয়ে উড়িয়ে মেরে ছক্কায় পূর্ণ করেন তিন অঙ্কের ইনিংস। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

পঞ্চম উইকেটে গ্রিভসের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি গড়েন জাঙ্গু। ৭১ বলে ৩৫ রান করে অপরাজিত আছেন গ্রিভস। অন্যদিকে ১১১ রানে অপরাজিত জাঙ্গু। সব মিলিয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৩৫/৪। দ্বিতীয় দিনে এই জুটি আরও কত দূর এগোয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   সিলেট  প্রথম  দিন  ছন্নছাড়া  বাংলাদেশ  ওয়েস্ট ইন্ডিজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: